Get the Right Idea & View

Saturday, 15 August 2026

এক নজরে হজ



শাহনেওয়াজ খান

কুরআন ও সহিহ হাদিসের আলোকে এক নজরে হজ আদায়ের পদ্ধতি:

হজ নির্দেশিকা

সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ। (সূরা আলে ইমরান, আয়াত ৯৭) 
হজ হয় নির্দিষ্ট মাসসমূহে। অতঃপর যে এই মাসসমূহে হজ করার স্থির করে, তার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ (যেকোনো ধরনের যৌনাচার), অন্যায় আচরণ ও ঝগড়া-বিবাদ বৈধ নয়। আর তোমরা যা উত্তম কাজ কর, আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয় সংগ্রহ কর। নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ! তোমরা আমাকে ভয় কর। (সূরা বাকারা, আয়াত ১৯৭)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম-কানুন শিখে নাও।" (বুখারী, ১৪৩১)

মাবরূর (কবুল) হজের প্রতিদান হলো জান্নাত। (বুখারী ১৭৭৩, মুসলিম ৩৩৫৫)

যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরবে যাকে তার মা এই মুহূর্তেই প্রসব করেছে। (মুসলিম ১২৯৭)

হজের প্রকারভেদ

১. তামাত্তু

হজের মাসে উমরাহ করে ইহরাম খুলে ফেলা। হজের সময় আলাদা ইহরাম বাঁধা।

নিয়ত: ‘লাব্বাইকা হাজ্জান’ বা ‘লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান’  لَبَّيْكَ حَجًّا

* রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিরান হজ করলেও সাহাবিদের তামাত্তু করার নির্দেশ দেন এবং বলেন,

কুরবানির পশু সাথে না আনলে তিনিও তামাত্তু করতেন।


২. কিরান

এক ইহরামেই উমরাহ ও হজ করা। নিয়তও হবে একসাথে।

নিয়ত: ‘লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান’ বা ‘লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান’


৩. ইফরাদ

হজের নিয়তে ইহরাম বাঁধা ও শুধু হজ করা। উমরাহ নেই, প্রথমে কাবায় পৌঁছে তাওয়াফে কুদুম করে নিবে।

নিয়ত: ‘লাব্বাইকা হাজ্জান’ বা ‘লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান’


    বদলি হজ

আর্থিকভাবে সামর্থ্যবান কিন্তু শারীরিকভাবে অসামর্থ্য কিংবা মৃত ব্যক্তির পক্ষে হজ ও উমরাহ আদায় করা যাবে রাসূল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলি হজ আদায়কারীর ক্ষেত্রে তার নিজের হজ আগে আদায় করার নির্দেশ দিয়েছেন।


ইহরাম পূর্ব প্রস্তুতি

• পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া
• অবাঞ্ছিত লোম পরিষ্কার করা
• নখ কাটা
• গোসল বা ওযু করা। পুরুষরা সুগন্ধি মাখা (ইহরামের কাপড়ে নয়)।
• ইহরাম বাঁধার পর দুই রাকাত নফল নামাজ পড়া যায়। তবে তা জরুরি নয়।

ইহরামকালীন নিষিদ্ধ কাজসমূহ ও কাফ্ফারা
• নিষিদ্ধ কাজসমূহ:
  - চুল কাটা বা উপড়ানো
  - নখ কাটা বা উপড়ানো
  - বিয়ে সংক্রান্ত কার্যক্রম
  - সহবাস বা কামোত্তজনাপূর্ণ মেলামেশা
  - শিকার করা
  - হারাম সীমানায় গাছ/উদ্ভিদ কাটা
  - ঝগড়া-বিবাদ করা
  - সুগন্ধি ব্যবহার করা
  - অন্যায় আচরণ
  - কেবল পুরুষদের জন্য: মাথা ঢাকা, পায়ের পাতা ও গিঁট ঢাকা, সেলাইযুক্ত কাপড় পরার ওপর নিষেধাজ্ঞা (তবে ওজরবশত পাজামা পরতে পারবে)।
  - কেবল নারীদের জন্য: মুখে লেগে থাকা নিকাব/মাস্ক পরা (তবে নন-মাহরামের সামনে মাথার উপর থেকে ওড়না/কাপড় ফেলে মুখ ঢেকে রাখতে হবে), হাতমোজা পরা/হাতের তালু, আঙ্গুল ঢাকা।
• কাফ্ফারা:
  চুল কাটা বা উপড়ানো, নখ কাটা বা উপড়ানো, শিকার করা, কামোত্তজনাপূর্ণ মেলামেশা — ইহরাম অবস্থায় এগুলো করে ফেললে কুরবানি বা ৩টি রোজা অথবা ফিদিয়া (ছয়জন মিসকীনকে অর্ধ সা’ পরিমাণ করে খাবার সাদাকা) দিতে হবে।

হজের ফরজ, ওয়াজিব ও মাহরামের বিধান

ফরজ (রুকন)

  ১. ইহরাম বাঁধা। (মক্কাবাসী ও তামাত্তু আদায়কারীগণ মক্কায় নিজ অবস্থান থেকে। কিরান ও ইফরাদ আদায়কারীগণ মিকাত থেকে।)
  ২. আরাফায় অবস্থান। (৯ জিলহজ যোহরের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত যেকোনো সময়)
  ৩. তাওয়াফে ইফাদা (যিয়ারাহ)।
  ৪. সা’ঈ করা (ইমাম আবু হানিফার মতে ওয়াজিব)।
  * এগুলোর কোনো একটি ছুটে গেলে হজ বাতিল হবে। এছাড়া ইহরাম অবস্থায় সহবাস করলে হজ বাতিল হবে।

ওয়াজিব

  ১. মিকাত থেকে ইহরাম বাঁধা।
  ২. ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা।
  ৩. মুজদালিফায় রাত যাপন। (৯ জিলহজ দিবাগত রাত)
  ৪. তাশরিকের রাতগুলো মিনায় যাপন। (ইমাম আবু হানিফার মতে সুন্নাত)
  ৫. জামরায় কঙ্কর নিক্ষেপ করা।
  ৬. কুরবানি। (ইফরাদ আদায়কারীর জন্য মুস্তাহাব)
  ৭. মাথা মুণ্ডন বা চুল ছোট করা।
  ৮. বিদায়ী তাওয়াফ।
  * এগুলোর কোনো একটি ছুটে গেলে দম (কুরবানি) দিতে হবে।

মাহরামের বিধান
  নারীদের সাথে অবশ্যই হজ ও উমরাহ সফরে মাহরাম থাকতে হবে।
  মাহরামগণ হলেন:
  - রক্ত সম্পর্কীয়: (১) পিতা-দাদা (২) ছেলে-নাতি ও অধঃস্তন (৩) ভাই (৪) ভাইয়ের ছেলে ও অধঃস্তন (৫) বোনের ছেলে ও অধঃস্তন (৬) চাচা (৭) মামা।
   দুধমাতা সম্পর্কীয়: উক্ত ৭ জন।
  - বিবাহ সম্পর্কীয়: (১) স্বামী (২) স্বামীর ছেলে-নাতি (৩) স্বামীর পিতা-দাদা (৪) জামাতা, নাতিন-জামাতা, পুতিন-জামাতা (৫) মায়ের স্বামী বা দাদি-নানির স্বামী।

হজের দিনভিত্তিক আমল

১. মিনা (৮ জিলহজ)

   • যোহরের আগেই ইহরাম বেঁধে মিনায় পৌঁছা।
   • তালবিয়া পাঠ শুরু করা:

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা~ শারি~কা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মূলক লা~ শারি~কা লাক’

     (لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَك)
 অর্থ: আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, সকল নিয়ামত এবং রাজত্ব আপনারই; আপনার কোনো শরিক নেই।

   • মিনায় যোহর, আসর, মাগরিব, ইশা ও পরদিন ফজরের নামাজ আদায় এবং কসর করা।
   • তালবিয়া পাঠ, দোয়া, জিকির, কুরআন পাঠ ও অন্যান্য ইবাদতে মশগুল থাকা।

২. আরাফা ও মুজদালিফা (৯ জিলহজ)

   • যোহরের আগেই আরাফায় পৌঁছা। যোহর ও আসর একসাথে জমা কসর আদায় করা (এক আজান ও দুই ইকামত)। এদিন মসজিদে নামিরায় যোহরের ওয়াক্তে খুতবাসহ জমা কসর পড়া হয় (সেখানে আরাফার সীমানা দেওয়া আছে, এর বাইরে না যাওয়া)।
   • তালবিয়া পাঠ ও কিবলামুখী হয়ে ইচ্ছামতো দোয়া করা। এদিন যথাসম্ভব বিনয়ের সাথে দোয়া ও ইস্তেগফার করা উচিত।
   • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিন সর্বোচ্চ সংখ্যক মানুষকে আল্লাহ্ তায়ালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। বান্দার দোয়া কবুল করেন ও উপস্থিত বান্দাদেরকে দেখিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পূর্ববর্তী নবীগণ এই দিনে এই দোয়াটি বেশি বেশি করতেন:
 ‘লা~ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা~ শারি~কালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাই’ইন ক্বদির’
     (لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)
 অর্থ: আল্লাহ্ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত রাজত্ব ও প্রশংসা তারই এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
   • এদিনের গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "হজ হলো আরাফা।" সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফায় অবস্থান করতে হবে। হাজীদের জন্য ‘ইয়াওমু আরাফা’র রোজা নেই।
   • উল্লেখ্য, অনেকেই আরাফায় অবস্থিত ‘জাবালে রহমত’ বা আরাফা পাহাড়ে উঠে ও সেখানে ইবাদতের চেষ্টা করে। এই পাহাড়ে উঠা কিংবা সেখানে ইবাদতের কোনো ফজিলত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ এ ধরনের কোনো আমল করেননি।
   • সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও ইশা একত্রে জমা কসর আদায় করা (এক আজান ও দুই ইকামত)। এরপর খোলা আকাশের নিচে ঘুমানো। মুজদালিফায় বিশেষ কোনো ইবাদত নেই। বরং, ঘুম ও বিশ্রাম নেওয়াই সুন্নাহ। কেউ চাইলে এই রাতে পরদিন জামরায় মারার জন্য ৭টি কঙ্কর (ছোট পাথর) সংগ্রহ করতে পারবে। অথবা সব কঙ্কর (১২/১৩ জিলহজ পর্যন্ত হিসাব করে) ৪৯ বা ৭০টি সংগ্রহ করতে পারবে।

৩. মিনা ও বায়তুল্লাহ (১০ জিলহজ)

   • মুজদালিফায় ফজরের নামাজ পরে কিবলামুখী হয়ে দোয়া করার পর সূর্যোদয়ের আগেই জামরার উদ্দেশ্যে রওনা হওয়া। জামরায় মারার জন্য কঙ্কর মুজদালিফা বা মিনা থেকে সংগ্রহ করা যায়। কঙ্করগুলো ছোট বুটের দানার চেয়ে কিছুটা বড় হবে। এগুলো ধোয়ার প্রয়োজন নেই।
   • যোহরের পূর্বেই বড় জামরায় ৭টি পাথর মারতে হবে। পাথর মারার পূর্বে তালবিয়া পাঠ বন্ধ করতে হবে; এরপর থেকে আর তালবিয়া পাঠ করা লাগবে না। প্রতিটি পাথর মারার পূর্বে তাকবির (আল্লাহু আকবার) বলা। বড় জামরায় পাথর নিক্ষেপের পর কোনো দোয়া নেই।
   • এরপর পশু কুরবানি করে মাথা মুণ্ডানো বা সব চুল সমান করে ছোট করতে হবে (মাথা মুণ্ডন উত্তম)। নারীরা চুলের আগা থেকে অল্প কাটবে। চুল কাটার পর ইহরামের কাপড় খুলে হালাল হওয়া। (এ সময় থেকে সহবাস ব্যতীত ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো হালাল হয়ে যাবে।)
   • এরপর কাবায় পৌঁছে তাওয়াফে ইফাদা/যিয়ারাহ আদায় করা। এই তাওয়াফে ইদতিবা/ইজতিবা ও রমল নেই। তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের পেছনে ২ রাকাত নামাজ আদায় ও জমজমের পানি পানের পর সাফা-মারওয়া সা’ঈ করা।
   • ১০ জিলহজ মাগরিবের আগে তাওয়াফ ও সা’ঈ করা উত্তম। তবে কেউ অপারগ হলে হজের দিনগুলোর মধ্যে তা করে নিতে পারবে। ওজরবশত আরও পরে করলেও হবে। এই তাওয়াফের পরই হাজীগণ পূর্ণাঙ্গভাবে হালাল হবেন।
(কিরান ও ইফরাদ হজ আদায়কারীরা যদি পূর্বে উমরাহ বা তাওয়াফে কুদুমের সময় সা’ঈ করে থাকেন, তাহলে এখন আর সা’ঈ করতে হবে না।)
   • তাওয়াফ-সা’ঈ শেষে মিনায় তাঁবুতে রাত্রিযাপন।

*** এদিনের আমলগুলোতে ভুলে বা ওজরবশত ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে সমস্যা নেই। এজন্য কোনো প্রকার দম বা কাফ্ফারা দিতে হবে না।
*** কারও কুরবানি করার সামর্থ্য না থাকলে হজের সময় ৩টি ও বাড়িতে ফিরে ৭টি রোজা রাখতে হবে।

৪. মিনা-জামরা (১১-১৩ জিলহজ)

   • ১১ জিলহজ যোহরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যেকোনো সময়ে যথাক্রমে ৩ জামরায় (ছোট, মাঝারি ও বড়) ৭টি করে মোট ২১টি পাথর মারতে হবে। কঙ্কর (ছোট পাথর) ছাড়া অন্য কিছু নিক্ষেপ করলে বা এদিনগুলোতে যোহরের আগে কঙ্কর নিক্ষেপ করলে কিংবা কোনো জামরায় ৭টির কম-বেশি নিক্ষেপ করলে তা আদায় হবে না। এসব ক্ষেত্রে পুনরায় তা আদায় করে নিতে হবে।
   • প্রতিটি কঙ্কর নিক্ষেপের পূর্বে তাকবির (আল্লাহু আকবার) দিতে হবে। কিবলাকে বাম পাশে রেখে পাথর নিক্ষেপ করা উত্তম। উল্লেখ্য, এখানে শয়তানকে নয়, বরং জামরায় পাথর নিক্ষেপ করা হচ্ছে।
   • এদিনগুলোতে প্রথম দুই জামরায় (ছোট ও মাঝারি) পাথর নিক্ষেপের পর কিবলামুখী হয়ে দোয়া করা ‍সুন্নাহ। তবে শেষ জামরায় (বড়) পাথর নিক্ষেপের পর দোয়া না করে চলে আসতে হবে।
   • জামরায় পাথর নিক্ষেপ শেষে মিনার তাঁবুতে ফিরে রাত্রিযাপন ও ইবাদতে মশগুল থাকা, বেশি বেশি দোয়া, ইস্তেগফার, জিকির করা। জামরার কাছেই মসজিদে খাইফ অবস্থিত, এখানে ৭০ জনেরও বেশি নবী সালাত আদায় করেছেন।
   • একইভাবে ১২ জিলহজ জামরায় ২১টি কঙ্কর নিক্ষেপ করা। এরপর চাইলে মিনায় রাত্রিযাপন অথবা মক্কায় ফিরে যাওয়ার অনুমতি রয়েছে। তবে জামরায় পাথর নিক্ষেপ করতে গিয়ে মাগরিব হয়ে গেলে অবশ্যই মিনায় রাত্রিযাপন করতে হবে।
   • ১২ জিলহজ মিনায় রাত্রিযাপন করলে ১৩ জিলহজ যোহরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যেকোনো সময়ে ৩ জামরায় (বড়, মাঝারি ও ছোট) ৭টি করে মোট ২১টি পাথর মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম ১২ জিলহজ মিনায় রাত্রিযাপন করে ১৩ জিলহজ জামরায় পাথর মেরে তারপর মক্কায় মসজিদুল হারামে যান।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

তাকবিরে তাশরিক (১১-১৩ জিলহজ)
  ১১-১৩ জিলহজের দিনগুলোকে ‘আইয়ামে তাশরিক’ বলা হয়। এদিনগুলোতে বেশি বেশি দোয়া, ইস্তেগফার, জিকির করা সুন্নাহ। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর একবার করে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব:
 ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা~ ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’
  (اَللّٰهُ أَكْبَرُ اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ)
কসর নামাজ
  মুসাফির অবস্থায় ৪ রাকাত ফরজ নামাজের পরিবর্তে ২ রাকাত পড়া। তবে মাগরিবের নামাজ ৩ রাকাত পড়বে। মুসাফির অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসমাল্লাম ফরজ নামাজের বাইরে শুধু ফজরের আগে ২ রাকাত ও রাতে বিতরের নামাজ পড়েছেন। হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নামাজ কসর করেছেন। এমনকি মক্কাবাসীও তার সঙ্গে কসর করেছেন।

৫. বিদায়ী তাওয়াফ (মক্কায় শেষদিন)

  হাজীগণ মক্কা ত্যাগের পূর্বে বিদায়ী তাওয়াফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ’র সর্বশেষ আমল হিসেবে তাওয়াফের নির্দেশ দিয়েছেন; তবে ঋতুগ্রস্ত নারীদের জন্য ছাড় রয়েছে। উল্লেখ্য, উমরাহ’র তাওয়াফ ও তাওয়াফে কুদুম ছাড়া আর কোনো তাওয়াফে ইদতিবা/ইজতিবা ও রমল নেই।

বিস্তারিত:
  কুরআন — সূরা বাকারা ১৯৬-২০৩, মায়েদা ৯৫, আলে ইমরান ৯৬-৯৭, হজ ২৬-৩৪ নাম্বার আয়াত;
  হাদিস — সহিহ মুসলিম ১২১৮ (আন্তর্জাতিক নাম্বার) ও হজ সম্পর্কিত বিভিন্ন হাদিস।




(এসকে/আগস্ট ১৬, ২০২৬)

No comments:

Post a Comment