Get the Right Idea & View

Monday, 14 January 2013

অনন্য ইতিহাস গড়লেন মেসি


ডেস্ক রিপোর্ট, নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম



ঢাকা : ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জেতার কৃতিত্ব দেখালেন এ আর্জেন্টাইন সুপারস্টার। ২০০৯, ২০১০, ২০১১ সালের পর ২০১২ সালেও মেসির হাতে আলোকিত হল ফিফা ব্যালন ডি অর। সোমবার জুরিখে ফিফা সদর দফতরের কংগ্রেসাল হাউসে তার হাতে বিশ্বসেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

তবে ফিফার জমকালো অনুষ্ঠানটিতে শুধু বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাবই নয়- বর্ষসেরা কোচ, বর্ষসেরা মহিলা খেলোয়াড়, বর্ষসেরা উদিয়মান খেলোয়াড় ও বর্ষসেরা গোলের পুরস্কারও দেওয়া হয়।

ফিফার প্রতিনিধিত্বকারী দেশগুলোর অধিনায়ক, কোচ ও বিভিন্ন দেশের সাংবাদিকদের ৪১.৬০% ভোট পেয়ে মেসি সবার সেরা হন। ২৩.৬৮% ভোট পেয়ে ২০১২ ফিফা ব্যালন ডি’অরের প্রথম রানার্সআপ হন পর্তুগিজ সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদো। আর দ্বিতীয় রানার্স আপ হওয়া স্পেন তারকা আন্দ্রেস ইনিয়েস্তা পান ১০.৯১% ভোট।

জুরিখ নাইটে পুরস্কার জয়ের আগে মেসি আর মিশেল প্লাতিনি কেবল টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন। আর ডাচ কিংবদন্তী জোহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেন সর্বসাকুল্যে তিনবার করে এ খেতাবটি জিতেছিলেন। অন্যদিকে রূপকথার প্রস্ফূটক জিনেদিন জিদান (১৯৯৮, ২০০০ ও ২০০৩) ও ব্রাজিল ফেনোমেনোন রোনাল্ডো (১৯৯৬, ১৯৯৭ ও ২০০২) তিন বার করে ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মেসি হলেন ইতিহাসের প্রথম মানব যিনি এ দুই পুরস্কার একই সাথে টানা চারবার জিতলেন।

আগে ইউরোপ সেরা ফুটবলার পেতেন ব্যালন ডি’অর পুরস্কার (ফ্রান্স ফুটবলার্স গোল্ডেন বল)। আর ফুটবলের সর্বোচ্চ সংস্থার ছিল ফিফা বর্ষসেরা পুরস্কার। বেশ কয়েক বছর ধরে ব্যালন ডি’অর জয়ীর হাতেই উঠছিল ফিফা বর্ষসেরার পুরস্কার। ২০১০ সাল থেকে তাই ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার একীভূত হয়ে নতুন নাম হয় ফিফা ব্যালন ডি’অর।

২০১০ সালে প্রথম ও ২০১১ সালে দ্বিতীয় ফিফা ব্যালন ডি’অর জেতেন মেসি। ২০০৯ সালে আলাদাভাবে ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরার পুরস্কারও উঠেছিল তার হাতেই।

১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর চালু হয়।

২০১২ সাল অবিশ্বাস্য কেটেছে মেসির। বার্সেলোনা স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি। কিন্তু এক পঞ্জিকাবর্ষে জার্মানির সাবেক স্ট্রাইকার জার্ড মুলারের করা ৪০ বছরের পুরনো ৮৫ গোলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন মেসি। গত বছর সব মিলিয়ে ৯১ গোল করেছেন তিনি। এর মধ্যে ৭৯টি বার্সেলোনার হয়ে আর ১২টি আর্জেন্টিনার হয়ে।
 
টানা ছয় বছর ধরে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় থাকা মেসি আবার পুরস্কারটা হাতে পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “এটা অসাধারণ এক ঘটনা। টানা চতুর্থ বারের মতো পুরস্কারটা পেলাম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

“
আমার প্রিয় ক্লাব বার্সেলোনার সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। ইনিয়েস্তা একজন অসাধারণ খেলোয়াড়। তার সঙ্গে অনুশীলন ও খেলা আমার জন্য বিশেষ কিছু। আর্জেন্টিনা জাতীয় দলে আমার সতীর্থদেরও ধন্যবাদ দিতে চাই,” যোগ করেন তিনি।

মেসি আরো বলেন, “আমার কোচ, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমার সন্তান ও স্ত্রীর কাছেও আমি কৃতজ্ঞ।”

মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ। স্পেনের ভিসেন্তে দেল বস্ক পুরুষ ও সুইডেনের পিয়া স্যান্ডহেজ মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে উজবেকিস্তান ফুটবল ফেডারেশন।

বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন তুরস্কের মিরোস্লাভ স্টচ।

ফিফা বর্ষসেরা একাদশ: ইকার ক্যাসিয়াস (গোলরক্ষক), সার্জিও র‌্যামোস, জেরার্ড পিকে, মার্সেলো, দানিয়েল আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, জাবি আলনসো, ক্রিস্টিয়ানো রোনালদো, রাদামেল ফ্যালকাও ও লিওনেল মেসি। 

(এসকে/০৮.০১.১৩)

No comments:

Post a Comment