Get the Right Idea & View

Friday, 1 February 2013

মানবাধিকার প্রশ্নে পিছু হটেছে সরকার: এইচআরডব্লিউ



নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক



ঢাকা : সরকারের কড়া সমালোচনা করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ২০১২ সালে মানবাধিকারের প্রশ্নে পিছু হটেছে বাংলাদেশ।

নিউ ইয়র্কভিত্তিক এ সংস্থা মনে করে, বাংলাদেশের জন্য ২০১২ সাল চিহ্নিত হবে ‘ত্রুটিপূর্ণ’ বিচার, আইনশৃঙ্খলা বাহিনীর বিচারবহির্ভূত হত্যার ‘দায়মুক্তি’ এবং বেসরকারি সংস্থা (এনজিও) ও অধিকার কর্মীদের ওপর কড়াকড়ির বছর হিসাবে।  

এইচআরডব্লিউর বার্ষিক প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। (ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র বাঙালির ওপর ব্যাপক গণহত্যা, খুন, ধর্ষণ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য।) 

শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, ‘সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের আওতায় না আনায়, হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলের (এনজিও) ওপর নজরদারি বাড়ানোর ফলে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে।’

প্রতিবেদনে বলা হয়, ক্রসফায়ারের নামে বাংলাদেশে এখনো বিচার বহির্ভূত হত্যা চলছে। বিরোধী দল ও অধিকার কর্মীদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাও ঘটছে। একজন শ্রমিক নেতাকে অপহরণের পর হত্যা করা হয়েছে এবং আরো অনেককে হুমকি দেয়া হয়েছে।

নারীর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশে শক্তিশালী আইন থাকলেও তার বাস্তবায়ন না থাকায় ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুকের জন্য নির্যাতন, এসিড সন্ত্রাস, ফতোয়ার নামে ‘অবৈধ’ শাস্তির ঘটনা ঘটেই চলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।   

মিয়ানমারের আরাকান রাজ্যে গত বছর মুসলমান রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, তখন রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে অনুপ্রবেশ করলে সরকার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা অগ্রাহ্য করে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, ‘বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা, অধিকার কর্মীদের কাজের জন্য অধিকতর উদার পরিবেশ সৃষ্টি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু সরকার এখন আর সেই সব লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলে মনে হয় না।’

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনটি ৬৬৫ পৃষ্ঠার। এই প্রতিবেদনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের গত বছরের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের ‘আরব বসন্ত’-পরবর্তী সময়ের একটি বিশ্লেষণও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

(এসকে/০১.০২.১৩)

No comments:

Post a Comment