নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম
চট্টগ্রাম : যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ধর্ষণ মামলার আসামি সেজে কারাবরণ করেছিল ২৭ বছরের তরুণ রিকশাচালক সাগর। অগ্রিম ১ লাখ টাকা ও প্রতি মাসে ৫ হাজার টাকা বেতন দেওয়ার লোভ দেখিয়ে সাগরকে জেলে পুরে গাঁ ঢাকা দিয়েছিল প্রকৃত আসামি আইয়ুব। তবে শেষ রক্ষা হয়নি। দুই মাস কারাভোগ করার পর বৃহস্পতিবার প্রকৃত ঘটনা উদঘাটিত হলে চট্টগ্রাম আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের ভুজপুর থানা এলাকার জনৈক আইয়ুব (২৮) ২০০৯ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী একটি তরণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত আইয়ুবকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করা হয়।
এরপরই ঘটে নাটকীয় ঘটনা। রায় ঘোষণার দুই মাস পর ২৭ নভেম্বর আইয়ুব সেজে আদালতে আত্মসমর্পণ করেন ঢাকার রায়েরবাগ এলাকার রিকশাচালক সাগর। তাকে আইয়ুব হিসেবে পাঠানো হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে।
এদিকে বাদীর পক্ষ থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করতে গিয়েই উদঘাটিত হয় প্রকৃত ঘটনা। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, প্রকৃত আসামি আইয়ুব একজন গ্র্যাজুয়েট। রায়ের কপিতে তার স্বাক্ষর করার কথা থাকলেও সেখানে টিপসই দেখে সন্দেহ হলে বিষয়টি আদালতকে অবহিত করা হয়। তখন দেখা যায়, প্রকৃত আসামি আইয়ুবের পরিবর্তে জনৈক সাগর এ মামলায় কারাভোগ করছে।
গতকাল বৃহস্পতিবার আদালতে সাগর জানায়, সে পেশায় একজন রিকশাচালক। তার বাড়ি ঢাকার রায়েরবাগ এলাকায়। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। কিছুদিন আগে ঢাকায় একজন আইনজীবীর সঙ্গে তার পরিচয় হয়। ওই আইনজীবী তাকে অগ্রিম ১ লাখ টাকা ও প্রতি মাসে ৫ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামি সেজে কারাবরণ করার প্রস্তাব দিয়েছিলেন।
এদিকে, পরিচয় গোপন করার অপরাধে ছদ্মবেশী সাগরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রকৃত আসামি আইয়ুবের বিরুদ্ধে আবার সাজা পরোয়ানা জারিরও নির্দেশ দেন আদালত।
(এমকে/এসকে/২৪.০১.১৩)

No comments:
Post a Comment